কুষ্টিয়ায় কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঐতিহ্যবাহী কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শুধু জিপিএ-৫ বা ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মনোহরদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব। এ সময় তিনি আগামীতে নির্বাচিত হলে ইউনিয়নের সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণের ঘোষণা দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল মাজেদ ও শহিদুজ্জামান খোকন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুদ্দিন, যুবদল নেতা মুস্তাফিজুর বাবু, সোহেল রানা ও ছাত্রনেতা ইউনুস আলী প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
মতামত দিন